সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি’র ১৪ ব্যাচের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র অফিসার মো. আবু সুফিয়ান।
গত ৬ মার্চ ২০২৬, শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর ইফতার মাহফিল, ব্যাচের সিওসি উন্মোচন এবং বার্ষিক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক ব্যাচমেট, সহকর্মী ভাই-বোন এবং তাদের পরিবার-সন্তানদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি আল ইমরান ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান তাদের বক্তব্যে প্রায় এক যুগের চাকরি জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তারা বলেন,
এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং সদস্যদের পারস্পরিক বন্ধন দৃঢ় করা, ব্যাংকিং ও সামাজিক জীবনে ভালো থাকা এবং একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে সোনালী ব্যাংকে নিয়োগের মাধ্যমে ১৪ ব্যাচের সদস্যরা একসঙ্গে তাদের চাকরি জীবন শুরু করেন। এরপর সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় করতে এ নিয়ে চতুর্থবারের মতো কমিটি গঠন করা হলো।
অনুষ্ঠানে ১৪ ব্যাচের সাবেক প্রথম সভাপতি সাজ্জাদ সুমন (এসপিও-ম্যানেজার) ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রনি (এসপিও-ম্যানেজার) নতুন কমিটির নাম ঘোষণা করেন। এছাড়া অনুষ্ঠানে দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যাচের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ব্যাচের সদস্যদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজ বাংলা চ্যানেল