ঢাকা | খ্রি.

সুস্থ থাকতে রোদ দরকার, তবে হতে হবে পরিমিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
সুস্থ থাকতে রোদ দরকার, তবে হতে হবে পরিমিত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক:  আমাদের শরীরের সুস্থতার জন্য সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত রোদ ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পুরোপুরি রোদ এড়িয়ে না গিয়ে নিয়ম মেনে পরিমিতভাবে রোদ পোহানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূর্যের আলো ত্বকে লাগলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড় ও পেশির শক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রাকৃতিক আলো শরীরের জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণে সহায়তা করে। ফলে রাতে ভালো ঘুম হয় এবং দিনে শরীর সতেজ থাকে।

বিশেষজ্ঞরা জানান, ত্বকে সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মি লাগলেই ভিটামিন ডি তৈরি হয়। তবে সবার শরীরে সমানভাবে এটি উৎপন্ন হয় না। বয়স, ত্বকের রঙ, বসবাসের স্থান এবং ঋতুর ওপর এর পরিমাণ নির্ভর করে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেবেকা মেসনের মতে, ভিটামিন ডি পাওয়ার জন্য দীর্ঘ সময় রোদে থাকার প্রয়োজন নেই; বরং অল্প সময়ের রোদই যথেষ্ট। যাদের ত্বক শ্যামলা বা গাঢ় রঙের, তাদের ত্বকে প্রাকৃতিক সুরক্ষাকবচ বেশি থাকায় ভিটামিন ডি তৈরি হতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে।

প্রাকৃতিক আলো মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। সকালের রোদ মস্তিষ্ককে সজাগ করে এবং দিন-রাতের পার্থক্য বুঝতে সাহায্য করে। পর্যাপ্ত আলো না পেলে ঘুমের সমস্যা, মন খারাপ বা অবসাদের মতো সমস্যাও দেখা দিতে পারে।

প্রতিদিন কতক্ষণ রোদে থাকা উচিত, তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কারণ দেশ, অঞ্চল ও আবহাওয়া ভেদে সূর্যের তেজ বা ইউভি ইনডেক্স ভিন্ন হয়। তাই শুধু ঘড়ির সময় দেখে নয়, বরং ইউভি ইনডেক্স বিবেচনা করেই রোদে থাকার সময় নির্ধারণ করা উচিত।

যাদের ত্বক খুব ফর্সা বা সংবেদনশীল, তাদের অতিরিক্ত রোদ থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সূর্যের তেজ বেশি থাকলে ত্বক ঢেকে রাখা, ছাতা ব্যবহার করা বা সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।

অতিরিক্ত রোদে থাকলে শরীর অসীম পরিমাণ ভিটামিন ডি তৈরি করতে পারে না; বরং ক্ষতিকর প্রভাব বাড়তে থাকে। এতে ত্বক পুড়ে যাওয়া, অকাল বার্ধক্যের লক্ষণ এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই তীব্র রোদে বাইরে গেলে ভালো মানের সানগ্লাস ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে যারা সারাদিন ঘরের ভেতরে থাকেন বা পর্যাপ্ত রোদ পান না, তাদের শরীরে ভিটামিন ডি-র ঘাটতি হতে পারে। শিশুদের ক্ষেত্রে এ ঘাটতি হাড় দুর্বল হওয়ার কারণ হতে পারে। তবে রোদ ছাড়াও খাদ্য ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করা সম্ভব। তবে অতিরিক্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ কিডনির জন্য ক্ষতিকর হতে পারে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জোয়ান ম্যানসনও দীর্ঘ সময় রোদে থাকার বিষয়ে সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের মূল পরামর্শ হলো—রোদকে ভয় পেয়ে পুরোপুরি এড়িয়ে না গিয়ে পরিমিতভাবে রোদে থাকা এবং অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স