ঢাকা | খ্রি.

মা-ভাই হত্যার পর মায়ের গাড়ি নিয়ে পালাল ১৭ বছরের কিশোর, গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং | Photo Card
মা-ভাই হত্যার পর মায়ের গাড়ি নিয়ে পালাল ১৭ বছরের কিশোর, গ্রেপ্তার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাক্টনে মা ও ছোট ভাইকে হত্যার অভিযোগে ১৭ বছর বয়সী অর্জুন অরবিন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর সে মায়ের হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ে পালিয়ে যায়। রাতভর তল্লাশির পর বুধবার ভোরে ওয়েল্যান্ড শহরের একটি পার্কিং লট থেকে তাকে আটক করা হয়।

মিডলসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়ান রায়ান ও অ্যাক্টন পুলিশ চিফ ডগলাস স্টুরনিওলোর তথ্য অনুযায়ী, বোস্টন থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরের মার্থা লেন এলাকায় পরিবারের বাড়িতে মঙ্গলবার এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের পর কোনো একসময় অর্জুন তার ৪৫ বছর বয়সী মা সুধা ভেঙ্কটেশন ও ১৪ বছর বয়সী ভাই সিদ্ধার্থকে গুরুতরভাবে আঘাত করেন। পরে গ্যারেজ থেকে মায়ের গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার পর। নির্ধারিত সময়ে পড়াতে এসে গৃহশিক্ষক বাড়ির ভেতরে প্রবেশ করতে না পেরে অর্জুনের বাবার সঙ্গে যোগাযোগ করেন। তিনিও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হলে অ্যাক্টন পুলিশ ডিপার্টমেন্টে খবর দেন এবং বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন।

অর্জুনের বাবা সেদিন সকালে কর্মস্থলে যাওয়ার আগে স্ত্রীকে শেষবার দেখেছিলেন। আর সিদ্ধার্থকে শেষবার দুপুর ১২টার দিকে দেখা যায়।

পুলিশ বাড়িতে গিয়ে সুধা ও সিদ্ধার্থকে মৃত অবস্থায় উদ্ধার করে। সুধার মরদেহ পাওয়া যায় বেসমেন্টে এবং সিদ্ধার্থের মরদেহ ছিল প্রথম তলায়। তদন্তকারীরা দুজনের শরীরেই স্পষ্ট আঘাতের চিহ্ন দেখতে পান। তবে প্রধান চিকিৎসকের কার্যালয় এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও ধরন আনুষ্ঠানিকভাবে জানায়নি। হত্যায় কী অস্ত্র ব্যবহৃত হয়েছে, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাক্টন-বক্সবোরো রিজিওনাল হাই স্কুলের শিক্ষার্থী অর্জুনের বিরুদ্ধে দুটি হত্যা, পরিবারের সদস্যের ওপর হামলা ও আঘাত, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং মোটরযান চুরির অভিযোগ আনা হয়েছে।

হত্যাকাণ্ডের পর তদন্তকারীরা অর্জুনের অবস্থান শনাক্তের চেষ্টা করেও প্রথমে সফল হননি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। বুধবার ভোরে ওয়েল্যান্ড পুলিশ একটি পার্কিং লটে অন্য একটি অ্যালার্মের কল পেয়ে সেখানে গেলে গাড়িটির ভেতর অর্জুনকে পাওয়া যায়। কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই তাকে হেফাজতে নেয় পুলিশ।

মিডলসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অর্জুনের মধ্যে বেশ কিছু উদ্বেগজনক আচরণ দেখা গিয়েছিল। এর মধ্যে নিজের পরিবারের সদস্যদের হত্যাকে ঘিরে কাল্পনিক ধারণা বা গল্প তৈরির জন্য ইন্টারনেট ও চ্যাটজিপিটি ব্যবহার করার বিষয়টিও ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, অর্জুন চ্যাটজিপিটির সহায়তায় একটি রহস্য উপন্যাস তৈরির চেষ্টা করছিলেন। এ নিয়ে তিনি বিভিন্ন প্রশ্ন করেন এবং গল্পের চরিত্রও তৈরি করেন।

প্রথমে অর্জুনকে কিশোর আদালতে হাজির করা হবে। তবে হত্যা মামলার বিচার করার এখতিয়ার ওই আদালতের না থাকায় পরবর্তীতে কনকর্ড ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে হত্যা ও হামলা সংক্রান্ত অভিযোগের আনুষ্ঠানিক শুনানি হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
৮ কারণে আলোনসোকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ

৮ কারণে আলোনসোকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ