বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন অতুল কেশপ। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি মার্কিন ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরেন।
অতুল কেশপ বলেন, প্রধানমন্ত্রী ও তার সরকারের পক্ষ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনায় তারা সন্তুষ্ট। তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি কোম্পানির ৫০ জন ব্যবসায়ী নির্বাহী রয়েছেন বলেও জানান তিনি। বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী দেশ হতে পেরে মার্কিন কোম্পানিগুলো গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার কথা উল্লেখ করে অতুল কেশপ বলেন, তারেক রহমানের ভিশন তারা স্পষ্টভাবে শুনেছেন। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে তারা আস্থা রাখছেন।
তার ভাষ্য, বাংলাদেশের মানুষের মেধা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত বিনিয়োগ ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অনুঘটকের ভূমিকা রাখতে পারে।
বৈঠকে সরকারের কাছ থেকে পাওয়া ইতিবাচক বার্তার কথাও তুলে ধরেন ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি। তিনি বলেন, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামষ্টিক অর্থনীতির সূচকগুলো স্থিতিশীল রাখার বিষয়ে সরকারের দেওয়া বার্তা তাদের উৎসাহিত করেছে।
অতুল কেশপ জানান, বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া এই ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রে তাদের সংশ্লিষ্ট কোম্পানি এবং ইউএস চেম্বার অব কমার্সের কাছে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, মার্কিন কোম্পানিগুলো কয়েক দশক ধরে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব বৃদ্ধিতে অবদান রেখে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সরকার ও দেশের জনগণের সঙ্গে এই অংশীদারত্ব অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউজ বাংলা চ্যানেল