নিউজ বাংরা ডেস্ক: আগামীকাল ১৫ আগস্ট (শনিবার) উপলক্ষে রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ৯ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে এবং মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন।
এছাড়া সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্যদের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হবে।
ডিএমপি জানিয়েছে, সংবেদনশীল এলাকাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। নাগরিকদের যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
নিউজ বাংলা চ্যানেল