নিজেস্ব প্রতিবেদক : চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট একদিনেই দেশে ৯ কোটি ৮০ লাখ ডলারের সমপরিমাণ প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা।
গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের (২০২৬-২৭) শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার বা ২১ দশমিক ৬০ শতাংশ।
রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।