গোহাটিতে দাপুটে জয় তুলে নিয়ে ২৫ বছর পর আবারও ভারতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে ভারতে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে প্রোটিয়ারা ২০২৫–২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও নিজেদের অবস্থান মজবুত করল।
৪০৮ রানের বিশাল হার-ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ও (রানের ব্যবধানে)। অন্যদিকে, এই জয়ে দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে রয়েছে, অস্ট্রেলিয়ার ঠিক পেছনে। চার টেস্টে ৩৬ পয়েন্ট নিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫-এ। ভারত নেমে গেছে পঞ্চম স্থানে, তাদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮.১৫। পাকিস্তানও এখন ভারতের ওপরে।
প্রথমদিনের ধীরগতির শুরুর পর সেনুরান মুথুসামি (১০৯) ও মার্কো ইয়ানসেন (৯৩) নিচের সারিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৪৮৯ রানের বড় সংগ্রহে পৌঁছে দেন। এরপর বল হাতে মার্কো ইয়ানসেন দেখালেন আরও জাদু, ৬/৪৮ নিয়ে ভারতকে গুটিয়ে দেন ২০১ রানে।
ফলো-অন না দিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় ইনিংসে আরও লিড বাড়ায়। ট্রিস্টান স্টাবসের ৯৪ রানে ভর করে তারা ভারতের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড় করায়। ২৬০/৫ করে ইনিংস ঘোষণা করে।
কলকাতায় ম্যাচ সেরা সাইমন হার্মার গোহাটিতেও ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ৩/৬৪ নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬/৩৭ নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন পঞ্চম দিনের সকালে।
সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকার ঘনঘন আঘাতে ভেঙে পড়ে ভারতের লড়াই। জাদেজা ৮৭ বলে ৫৪ রান করে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ফিল্ডিংয়েও উজ্জ্বল ছিলেন এইডেন মার্করাম, নেন দুটি দর্শনীয় ক্যাচ।
৩০ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
খবর- আমাদের সময়
নিউজ বাংলা চ্যানেল