নিউজ বাংলা ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ, ১২ আগস্ট। দিনটি উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই কোকো ব্যক্তিগত জীবনে সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন বলে দলীয় নেতারা উল্লেখ করেন। তিনি দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দায়িত্ব পালনকালে ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নিউজ বাংলা চ্যানেল