নিউজ বাংলা ডেস্ক : জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে বিভাগভিত্তিক লংমার্চ এবং ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াত, এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা এসব কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লংমার্চ, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে লংমার্চ, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনায় লংমার্চ এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ। এ ছাড়া ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
জোটের নেতারা জানান, অবিলম্বে গণহত্যার বিচার কার্যকর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলাই এসব কর্মসূচির উদ্দেশ্য।