নিউজ বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের বিভিন্ন পদে নিজেকে বিকল্প হিসেবে বিবেচনা করে প্রচারণা চালানোয় বিরক্তি ও অস্বস্তি প্রকাশ করেছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে তাকে কোনো পদে দেখতে চেয়ে এমন প্রচারণা না চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুশফিকুল ফজল আনসারী। তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রেস উইং নিয়ে নানা আলোচনা তাঁর কানে আসছে। কেউ কেউ তাঁকে বিকল্প হিসেবে দেখছেন এবং এ বিষয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘প্রধানমন্ত্রীর প্রেস উইং নিয়ে সম্প্রতি নানা কথাবার্তা কানে আসছে। আমাকে বিকল্প ভেবে কেউ কেউ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করছেন। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমার অবস্থান পরিষ্কার করতেই এই লেখাটি দিতে মন সায় দিল।’
বর্তমান প্রেস উইংয়ের সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বর্তমান প্রেসসচিব, অতিরিক্ত প্রেসসচিব, ডেপুটি ও সহকারী প্রেসসচিবরা সমন্বিতভাবে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, নেতৃত্ব ও ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করছেন বলে তাঁর কাছে প্রতীয়মান হচ্ছে।
প্রেস উইংয়ের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিচয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর কাজের ধরন, একাগ্রতা, রাজনৈতিক দর্শন ও পেশাদারির সঙ্গে তাঁদের দুজন অন্তত দীর্ঘদিন ধরে পরিচিত। এ অভিজ্ঞতা তাঁদের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, কোনো পদ বা পদবি দায়িত্ব পালনের একটি মাধ্যম হতে পারে, কিন্তু দেশসেবার একমাত্র পথ নয়। সদিচ্ছা, সাহস ও দায়িত্ববোধ থাকলে সরকারি পদে না থেকেও দেশ ও জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে।
নিজের অতীত ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘নিকট অতীতে যখন আমার কোনো রাষ্ট্রীয় পদ-পদবি ছিল না, তখনো বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, জনগণের ভোটাধিকার এবং ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যতের পক্ষে দেশ-বিদেশে নিজের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে কাজ করেছি।’
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর প্রয়োজন, বিবেচনা ও আস্থার ভিত্তিতে যাকে যে দায়িত্বের জন্য উপযুক্ত মনে করবেন, তাকেই সেখানে দায়িত্ব দেবেন। তাই এ নিয়ে দাবিসংবলিত প্রচারণাকে অপ্রয়োজনীয় ও অস্বস্তিকর বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘পদ সাময়িক—দেশের প্রতি দায়বদ্ধতা চিরস্থায়ী।’