নিউজ বাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের মেঘনা নদীতে খেলার বল তুলতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হয়েছেন মিলন (৪০) নামে এক যুবক। ঘটনার ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও এখনো তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘার চরের কাটাখালী চরের মুখে এ ঘটনা ঘটে। নিখোঁজ মিলন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে।
নৌ পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মিলন কয়েকজন বন্ধুর সঙ্গে মজুচৌধুরীর হাটের পশ্চিম পাশে মেঘনা নদীর মেঘার চরে বেড়াতে যান। সেখানে তারা ফুটবল খেলছিলেন। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সেটি তুলতে মিলনসহ চারজন পানিতে নামেন।
এ সময় নদীতে জোয়ার থাকায় স্রোত ছিল প্রবল। পানিতে নামার পর তীব্র স্রোতের টানে মিলন তলিয়ে যান। তার সঙ্গে থাকা অপর তিনজন কোনোভাবে নদী থেকে উঠে চরে ফিরতে সক্ষম হন।
মিলন নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান শুরু করে। তবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতেও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক বলেন, জোয়ারের তীব্র স্রোতে মিলন নামে একজন নদীতে তলিয়ে গেছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালানো হলেও এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন।