
নিজস্ব প্রতিবেদক
বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষায় সরকার বিভিন্ন সময়ে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিয়ে থাকে।
কাঁচা মরিচ ও টমেটো দেশের বহুল ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য। মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় এসব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে জনস্বার্থে বাজারে কাঁচা মরিচ ও টমেটোর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দিষ্ট সময়ের জন্য আমদানিতে প্রযোজ্য শুল্ক-কর অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এসব পণ্য আমদানিতে বিদ্যমান মোট করভার ৬১ শতাংশ থেকে কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরবর্তী মাসে ৩১ শতাংশ নির্ধারণ করা হবে।
মন্ত্রিসভার বৈঠকে শুল্ক-কর কমানোর এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।