সরাসরি আকাশপথ চালু হওয়ায় সিলেট থেকে মাস্কাটগামী যাত্রীদের সময় ও ভ্রমণ ব্যয় দুটোই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিলেট থেকে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চলাচলের সূচনা হয়েছিল ২০১৫ সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে। তবে ২০১৮ সালে সেই সেবা বন্ধ হয়ে যায়। এরপর প্রায় আট বছর পর আবারও সিলেট বিমানবন্দরের সঙ্গে যুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।
নতুন সূচি অনুযায়ী, সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার।
সালাম এয়ারের সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল-রাজি বলেন, ‘সিলেট থেকে মাস্কাটে ডিরেক্ট ফ্লাইট অপারেট করছি আমরা। মাস্কাট আমাদের হাব। সেখান থেকে ৪০টিরও বেশি গন্তব্যে আমাদের ফ্লাইট পরিচালিত হয়।’
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ এই উদ্যোগকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটা সফল হলে পরবর্তী সময়ে ইউরোপ, আমেরিকা বা কানাডার এয়ারলাইনসও এখানে আসার সুযোগ তৈরি হবে।’
এদিকে নতুন ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘সিলেট থেকে লন্ডন ফ্লাইট পরিচালনা হয় এবং লন্ডন ফ্লাইটের জন্য বেশ কিছু সেনসিটিভ সিকিউরিটি আপগ্রেডেশন ও সিকিউরিটি অ্যাক্টিভিটি প্রয়োজন হয়। আমরা সেই সিকিউরিটি অ্যাক্টিভিটি পালনে অভ্যস্ত। তাই মাস্কাট ফ্লাইটের জন্য আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন হবে না।’
নিউজ বাংলা চ্যানেল