নিউজ বাংলা ডেস্ক: সময়ক্ষেপণ ঠেকাতে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের কারণে প্রথমবারের মতো শাস্তির মুখে পড়লেন সান্তোসের অধিনায়ক নেইমার জুনিয়র। তবে এ ঘটনায় নেইমারের কোনো দায় ছিল না। নিয়মের বাধ্যবাধকতার কারণেই এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয় ব্রাজিলিয়ান এই তারকাকে।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো গোলরক্ষক চিকিৎসা নিলে খেলা পুনরায় শুরুর পর আউটফিল্ডের একজন খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড়কে বাইরে পাঠানো হবে, তা নির্ধারণের জন্য কোচকে ১০ সেকেন্ড সময় দেওয়া হবে।
এই সময়ের মধ্যে কোচ সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হলে দলের অধিনায়ককেই বাধ্যতামূলকভাবে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। এমন পরিস্থিতিরই শিকার হয়েছেন নেইমার।
ব্রাজিলের সিরি আ'র সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে সান্তোস। ম্যাচের একপর্যায়ে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। খেলা পুনরায় শুরুর আগে ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল।
ফলে নতুন নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় দলটির অধিনায়ক নেইমারকে। যদিও ঘটনাটিতে নেইমারের কোনো শাস্তিযোগ্য আচরণ ছিল না, পুরো বিষয়টিই ছিল নতুন নিয়মের প্রয়োগের ফল।
সময় নষ্টের প্রবণতা কমাতে ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু করা হয়েছে। পরীক্ষামূলক প্রয়োগের পর এর কার্যকারিতা পর্যালোচনা করা হবে। সফল হলে ভবিষ্যতে নিয়মটি স্থায়ীভাবে ফুটবলে চালু করার সিদ্ধান্ত আসতে পারে।
নিউজ বাংলা চ্যানেল