এই লিগে সপ্তাহে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের নিয়ে ৪-৩-৩ ফর্মেশনে একটি একাদশ তৈরি করেছে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাভিত্তিক স্বাধীন যৌথ ক্রীড়া সংবাদমাধ্যম প্লানেট ফুটবল। সেই একাদশে কারা রয়েছেন, দেখে নেওয়া যাক।
গোলরক্ষক
জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানচেস্টার সিটি)
সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলরক্ষক হিসেবে একাদশের গোলপোস্ট সামলাবেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুমা। ম্যানচেস্টার সিটির হয়ে প্রতি সপ্তাহে ২ লাখ ৬৫ হাজার পাউন্ড আয় করেন তিনি।
ডিফেন্ডার
ডমিনিক সোবসজলাই (লিভারপুল)
লিভারপুলের ডমিনিক সোবসজলাই মূলত মিডফিল্ডার হলেও একাধিক পজিশনে খেলার সক্ষমতা রয়েছে তার। রাইটব্যাক ও রাইট উইংয়েও খেলতে পারেন হাঙ্গেরিয়ান এই ফুটবলার। সেই বহুমুখী সক্ষমতার কারণে তাকে রাইটব্যাক হিসেবে একাদশে রেখেছে প্লানেট ফুটবল। তার সাপ্তাহিক পারিশ্রমিক ২ লাখ ৫০ হাজার পাউন্ড।
জসকো গাভার্দিওল (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্সের বাঁ পাশে রাখা হয়েছে ম্যানচেস্টার সিটির জসকো গাভার্দিওলকে। ক্রোয়েশিয়ার এই ফুটবলার লেফটব্যাকের পাশাপাশি সেন্টারব্যাক হিসেবেও খেলতে পারেন। সপ্তাহে ২ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন তিনি।
উইলিয়াম সালিবা (আর্সেনাল) ও ভার্জিল ফন ডাইক (লিভারপুল)
সেন্টারব্যাক জুটি হিসেবে একাদশে রয়েছেন আর্সেনালের উইলিয়াম সালিবা এবং লিভারপুলের ভার্জিল ফন ডাইক। ফ্রান্সের সালিবার সাপ্তাহিক আয় ২ লাখ ৫০ হাজার পাউন্ড। অন্যদিকে নেদারল্যান্ডসের ডিফেন্ডার ফন ডাইক প্রতি সপ্তাহে পান ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।
সেন্ট্রাল মিডফিল্ডার
রায়ান গ্রাভেনবার্গ (লিভারপুল) ও ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)
মিডফিল্ডে পিভট হিসেবে জায়গা পেয়েছেন লিভারপুলের রায়ান গ্রাভেনবার্গ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ। নেদারল্যান্ডসের গ্রাভেনবার্গের সাপ্তাহিক পারিশ্রমিক ২ লাখ ৮০ হাজার পাউন্ড। পর্তুগিজ তারকা ফার্নান্দেজ পান ৩ লাখ পাউন্ড।
অ্যাটাকিং মিডফিল্ডার
জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি)
অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছেন ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের জ্যাক গ্রিলিশ। তার সাপ্তাহিক পারিশ্রমিক ৩ লাখ পাউন্ড।
ফরোয়ার্ড
বুকায়ো সাকা (আর্সেনাল)
ডান প্রান্তে আক্রমণভাগের দায়িত্ব পেয়েছেন বুকায়ো সাকা। আর্সেনাল ও ইংল্যান্ডের এই ফরোয়ার্ড প্রতি সপ্তাহে ৩ লাখ পাউন্ড আয় করেন।
মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)
বাঁ প্রান্তে রয়েছেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনায় ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ইংলিশ ফরোয়ার্ডের সাপ্তাহিক আয় ৩ লাখ পাউন্ড।
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
একাদশের স্ট্রাইকার হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়া নরওয়ের এই তারকা পারিশ্রমিকের দিক থেকে একাদশের অন্যদের চেয়ে অনেক এগিয়ে। প্রতি সপ্তাহে ৫ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করেন হালান্ড।
নিউজ বাংলা চ্যানেল