মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে দেশে ফেরেন তারা। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১৭৪ বাংলাদেশি। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ৩ নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
জানা গেছে, উন্নত জীবনের প্রত্যাশায় এসব বাংলাদেশি অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে অভিযানের সময় তাদের উদ্ধার বা আটক করা হয়। এরপর দীর্ঘ সময় তাদের লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি থাকতে হয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে আসছে দূতাবাস। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতায় সর্বশেষ ১৭৪ জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার নেওয়া, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। এসব কেন্দ্রে বর্তমানে থাকা অন্য বাংলাদেশিদেরও ধাপে ধাপে দেশে ফেরানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।
এর আগে একই ধরনের পরিস্থিতিতে লিবিয়ায় আটক ৩৪০ বাংলাদেশি গত ৭ আগস্ট দেশে ফেরেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত মোট ৫১৪ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল