ঢাকা | খ্রি.

আরও ১২ জেলায় ই-বেইল বন্ড চালু, মোট সুবিধার আওতায় ২৮ জেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং | Photo Card
আরও ১২ জেলায় ই-বেইল বন্ড চালু, মোট সুবিধার আওতায় ২৮ জেলা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : জামিনপ্রাপ্ত আসামি ও তাদের স্বজনদের আদালত এবং কারাগারে বারবার যাতায়াতের ভোগান্তি কমাতে দেশের আরও ১২ জেলায় অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় এখন দেশের মোট ২৮ জেলায় এ সুবিধা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন জেলাগুলোতে ই-বেইল বন্ড সিস্টেম চালুর ঘোষণা দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন করে ব্যবস্থাটির আওতায় আসা জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

আইনমন্ত্রী জানান, প্রচলিত ব্যবস্থায় একটি বেইল বন্ড দাখিল ও সম্পন্ন করতে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। ই-বেইল বন্ড ব্যবস্থায় একই কাজ মাত্র দুই ধাপে শেষ করা সম্ভব। এতে জামিন প্রক্রিয়ায় সময় কমার পাশাপাশি সংশ্লিষ্টদের ভোগান্তিও হ্রাস পাবে।

নতুন পদ্ধতিতে আইনজীবীরা নিজেদের চেম্বার বা অন্য যেকোনো স্থান থেকেই স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে বেইল বন্ড জমা দিতে পারবেন। ওটিপির মাধ্যমে সেটি তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, তাও নিশ্চিত করা হবে।

এই ব্যবস্থার ফলে জামিন পাওয়া আসামি ও তাদের পরিবারের সদস্যদের কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলা জজ আদালতে বারবার যাওয়ার প্রয়োজন কমবে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে জামিন-সংক্রান্ত কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে দেশের ১৬টি জেলায় ই-বেইল বন্ড চালু করা হয়েছিল। আইনমন্ত্রী জানান, গত কয়েক মাসে ওই জেলাগুলোতে প্রায় ১ লাখ ২০ হাজার ই-বেইল বন্ড অনলাইনে দাখিল হয়েছে। তাঁর মতে, এই অভিজ্ঞতা ব্যবস্থাটির কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণ করেছে।

বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে ই-বেইল বন্ডের পাশাপাশি মেডিয়েশন ও লিগ্যাল এইড কার্যক্রমকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মো. আসাদুজ্জামান। মামলা কমানো এবং দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আইনমন্ত্রী আরও জানান, আগামী এক বছরের মধ্যে যেসব জেলায় মামলা কমানো এবং নিষ্পত্তির হার বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে, সেসব জেলার সংশ্লিষ্টদের উৎসাহিত বা পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে আইন মন্ত্রণালয়ের।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মনজুরুল হোসাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’