সফরসূচি সম্পর্কে অবগত চারজনের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে শি জিনপিংয়ের। পরদিন ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর ২৫ সেপ্টেম্বরই যুক্তরাষ্ট্র ছাড়বেন চীনা প্রেসিডেন্ট।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে শি জিনপিং অংশ নেবেন না।
হোয়াইট হাউসও জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য শি ওয়াশিংটনে যাবেন। তবে তাঁর যুক্তরাষ্ট্র সফরের অন্যান্য কর্মসূচি সম্পর্কে কোনো তথ্য দেয়নি তারা।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ার সময়েই দুই দেশের শীর্ষ নেতার এ বৈঠক হতে যাচ্ছে। আলোচনায় বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু স্থান পেতে পারে।
এর আগে ধারণা করা হয়েছিল, ওয়াশিংটন সফরের পাশাপাশি শি জিনপিং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দিতে পারেন। এমনটি হলে বহুপক্ষীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক শাসনব্যবস্থার প্রতি চীনের সমর্থন তুলে ধরার সুযোগ তৈরি হতো।
তবে ওয়াশিংটনে থাকা ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানিয়েছেন, চীন এখনো নিউইয়র্কে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এ পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, শি এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না।
২০১৫ সালে সর্বশেষ সরাসরি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন শি জিনপিং। ওই বছর জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক সফর করেছিলেন তিনি।
এরপর ২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় ভার্চুয়ালি সাধারণ পরিষদে বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট।
বিশ্লেষকদের মতে, চলতি বছরের সাধারণ পরিষদের অধিবেশনে শি জিনপিং অনুপস্থিত থাকলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক ইস্যুতে চীনের অবস্থানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সরাসরি তুলনার সুযোগ কিছুটা কমে যেতে পারে।
তথ্যসূত্র: সামা টিভি
নিউজ বাংলা চ্যানেল