ঢাকা | খ্রি.

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়নপত্র জমা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং | Photo Card
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক:  রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মনোনয়নপত্র জমা দিতে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে উপস্থিত হয়। প্রতিনিধি দলে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এবং হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য নেতারা।

মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হয়েছেন।”

তিনি আরও বলেন, “দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

এর আগে ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স