ঢাকা | খ্রি.

আজ থেকে তিন শহরে চালু হচ্ছে নারীদের বিশেষ বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং | Photo Card
আজ থেকে তিন শহরে চালু হচ্ছে নারীদের বিশেষ বাস ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুবিধা দিতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর যাত্রী পাওয়া সাপেক্ষে বিকেল থেকেই বাস চলাচল শুরু হবে। বুধবার থেকে নিয়মিতভাবে চলবে এসব বাস।

সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ সেবার উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

ঢাকার যেসব রুটে চলবে

বিআরটিসি আনুষ্ঠানিকভাবে রুটের তালিকা প্রকাশ না করলেও সংস্থাটির সূত্র জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করে মহিলা বাসের রুট নির্ধারণ করা হয়েছে।

মতিঝিল বাস ডিপোর আওতায় একটি রুটে কোকা-কোলা, নতুনবাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে বাস। একই ডিপোর আরেকটি রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বুদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল পর্যন্ত যাবে বাস।

যাত্রাবাড়ী বাস ডিপোর বাস ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত চলাচল করবে।

মোহাম্মদপুর বাস ডিপোর আওতায় মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।

কল্যাণপুর বাস ডিপোর রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।

মিরপুর বাস ডিপোর অধীনে একটি বাস মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। আরেকটি রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে মহিলা বাস।

জোয়ারসাহারা বাস ডিপোর আওতায় আবদুল্লাপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।

গাজীপুর বাস ডিপোর বাস গাজীপুর থেকে শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, মালেকের বাড়ি, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে।

চট্টগ্রাম ও বগুড়ায় রুট

রাজধানীর বাইরে চট্টগ্রামেও বিশেষ মহিলা বাস চলবে। একটি রুটে কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার পর্যন্ত বাস চলাচল করবে।

এ ছাড়া বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা