ঢাকা | খ্রি.

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। দিনব্যাপী সফরে কিশোরগঞ্জ জেলা সদরসহ তিনটি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলায় যাবেন তারেক রহমান। সকাল সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। একই স্থানে মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এরপর কটিয়াদী উপজেলায় যাবেন তিনি। সেখানে দুপুর সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় ভৈরব ও কুলিয়ারচরে একাধিক পথসভা ও জনসভায় অংশ নেন তিনি।

তবে প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এবারই তাঁর প্রথম সফর। এর আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে ২২ জানুয়ারি ভৈরবে একটি নির্বাচনী জনসভায় অংশ নিতে এসেছিলেন তারেক রহমান।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স